

শুভদীপ দে, হুগলি: অক্সিজেন ছাড়া এভারেস্ট জয়ী হুগলি জেলার চন্দননগরের মেয়ে পিয়ালী বসাককে চন্দননগর বিধানসভা উৎসব কমিটির পক্ষ থেকে রাজ্যের তথ্য সংস্কৃতি এবং পর্যটন দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন ৩ লক্ষ টাকার চেক তুলে দিলেন আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানে, এবং এর সঙ্গে সঙ্গে তাঁকে ভবিষ্যতে সবরকম সাহায্যের আশ্বাস দিলেন মন্ত্রী।
চন্দননগর রবীন্দ্র ভবনের পাশে জ্যোতিরিন্দ্রনাথ সভাগৃহে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধান, উপ-পৌরপ্রধান সহ চন্দননগর কর্পোরেশনের মেয়র, ডেপুটি-মেয়র সহ সকল সদস্যরা। অক্সিজেন ছাড়া এভারেস্ট জয়ী পিয়ালী বসাককে মাননীয় মন্ত্রী বলেন এরপরে তিনি যে সকল অভিযান করবেন সেগুলি রাজ্য সরকারকে জানিয়ে করতে। সে ক্ষেত্রে রাজ্য সরকার সবরকম ভাবে তাঁর পাশে থাকবে। পিয়ালী বসাক বলেন রাজ্য সরকার সহ অন্যান্য গুণীজন ও যারা আমার পাশে রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ। প্রায় ছয় লক্ষ টাকা তিনি ধার করেছিলেন, এই তিন লক্ষ টাকা পাওয়ায় তার অনেকটাই শোধ করা যাবে বলেও তিনি এদিন জানান।











