Site icon Sambad Pratikhan

কুসংস্কারের কারণে সাপে কাটা রোগীর মৃত্যু

Advertisements

সৌমাভ মণ্ডল, উত্তর ২৪ পরগণা: এই শতকে উপস্থিত হয়েও আমাদের মধ্যে কুসংস্কারের ভিত এখনও যে কতটা মজবুত তার প্রমাণ আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি, আসলে আমাদের মন থেকে এখনও সমাজের এই ভয়ংকর ব্যাধিটিকে দূর করা যায় নি বা আমাদের নিজেদের সদিচ্ছা না থাকার কারণে তা দূর হচ্ছে না। আমাদের প্রাত্যহিক জীবনে মাঝে মাঝেই এমন কিছু ঘটনা আমাদের সামনে চলে আসে যার কোনও ব্যাখ্যা দেওয়া অসম্ভব। এখনও দেখা যায় সাপে কাটা রোগীকে হাসপাতালে না নিয়ে গিয়ে ওঝা নামক একদল অসাধু মানুষদের কাছে নিয়ে যাওয়া হয়। এমনই এক ঘটনার সাক্ষী হল আমাদের রাজ্য সম্প্রতি। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার ঘোড়ারাস কুলীনগ্রাম গ্রাম পঞ্চায়েতের অধীন কোড়াপাড়া পূর্ব পাড়ার এক পরিবারে রাতে মশরীর মধ্যে বিষধর কেউটে সাপের দংশনে ওই পরিবারের দুইজন শফিকুল দফাদার ও তাঁর স্ত্রী খাদিজা বিবি আহত হন। শফিকুল দফাদারের স্ত্রী অসুস্থ বোধ করলে শফিকুল দফাদার ওই রাতেই তাঁর স্ত্রীকে নিয়ে যান স্থানীয় ওঝা নামক এক ব্যক্তির কাছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় চিকিত্‍সার জন্য কোন হাসপাতালে না নিয়ে শুধুমাত্র কুসংস্কারের কারণে। সেখান থেকে ঝাড়ফুঁক করানোর পরে স্ত্রীকে নিয়ে বাড়ি আসেন শফিকুল। বাড়িতে এসে তাঁর স্ত্রী আবারও অসুস্থ হয়ে পড়েন। তিনি আবারও স্ত্রীকে ওঝার  কাছে নিয়ে যান, সারা দিন চলে ওঝার কেরামতি। স্ত্রীকে ফিরিয়ে আনার পর এবার শফিকুল অসুস্থ হয়ে পড়েন। ওঝার বাড়িতে গিয়ে তিনিও ঝাড়ফুঁক করান। অবশেষে ঝাড়ফুঁকে মৃত্যু হয় শফিকুল দফাদারের। এরপর শফিকুল দফাদারের স্ত্রী খাদিজা বিবিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়, যিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে সংবাদে প্রকাশ।

Exit mobile version