নিজস্ব সংবাদদাতা, হুগলি: সম্প্রতি হুগলি জেলার চুচুঁড়ায় চুচুঁড়া রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হয়ে গেল তিনদিনের আবৃত্তি উত্সব। বাংলা সংস্কৃতির অঙ্গনে কবিতা এক বিশেষ স্থান করে আছে। আর সেই কবিতাই মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম। আবৃত্তি কবির মনের ভাষাকে ব্যক্ত করে, সংযোগ ঘটায় কবির মনের সাথে শ্রোতা সাধারণের।
চুচুঁড়ার ধ্বনি আবৃত্তি শিক্ষাকেন্দ্র’র ব্যবস্থাপনায় ২৩ বছর ধরে চলা এই আবৃত্তি উত্সবের শুভ সূচনা হয় প্রয়াত চিকিৎসক তথা আবৃত্তিকার রীতা বারুই এর প্রতি শ্রদ্ধা জানিয়ে। ধ্বনির কর্ণধার অসীম সেন জানান, শখ করে নয়, সাধনা হিসাবেই আবৃত্তি শিল্পের প্রচার ও প্রসারকে লক্ষ্য করে এই আবৃত্তি সংগঠন এগিয়ে চলেছে।
তিনদিনের এই উৎসবে বিশিষ্ট আবৃত্তিকার পিয়ালী বসু সহ শম্পা সরকার এবং ধ্বনির ৮৫ জন ছাত্রছাত্রী আবৃত্তি পরিবেশন করেন। উৎসবের সমাপ্তি ঘটে গণসংগীতশিল্পী হিরন্ময় ঘোষালকে সম্বর্ধনা জ্ঞাপনের মধ্য দিয়ে।
