Site icon Sambad Pratikhan

যাত্রী স্বাচ্ছন্দ্যের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার

Advertisements

নিজস্ব সংবাদদাতা: পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী মনোজ যোশী আজ পূর্ব রেলের সদর দপ্তর ফেয়ারলি প্লেসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আঞ্চলিক রেলের ম্যানেজার এবং বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে পূর্ব রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার শ্রী অনীল দৌলত উপস্থিত ছিলেন। বৈঠকে বিভিন্ন রেল প্রতিষ্ঠান ও ট্রেনের নিরাপত্তা, পণ্য পরিবহণ ও যাত্রী স্বাচ্ছন্দ্য ক্ষেত্রে উন্নতিসাধনের বিষয়ে আলোচনা হয়। শ্রী যোশী সমস্ত অফিস প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ সরঞ্জাম এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন। অফিস চত্বর থেকে সমস্ত অবাঞ্ছিত আসবাবপত্র সহ অন্যান্য বিভাজন সরঞ্জাম সরিয়ে দিতে বলেন। তিনি বৈদ্যুতিক সরঞ্জাম, অফিসের কাজে ব্যবহৃত সামগ্রী সুনির্দিষ্ট পদ্ধতিতে যথাযথ স্থানে সাজিয়ে রাখার বিষয়টি উল্লেখ করেন। শ্রী যোশী আধিকারিকদের ট্রেনের নিরাপত্তার বিষয়টি খুঁটিয়ে দেখার জন্য নির্দেশ দেন। নিরাপত্তা ক্ষেত্রে কোনও রকম আপোষ করা হবে না বলে স্পষ্ট জানান তিনি। নিরাপত্তা সংক্রান্ত ক্ষেত্রে সমস্ত কাজ সম্পন্ন করার ওপরও জোর দেন তিনি। প্রথম সারির কর্মীদের নিরাপত্তা আরও জোরদার করে তোলার ব্যাপারেও তিনি তাঁর অভিমত জানান। শ্রী যোশী শহরতলীর ইএমইউ ট্রেন পরিষেবা, দূরপাল্লার ট্রেন, স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেন পরিষেবা ক্ষেত্রে সময় অনুবর্তীতা মেনে চলার ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার রেলের উপার্জন বৃদ্ধি ক্ষেত্রে পণ্য পরিবহণ ব্যবস্থাপনার উন্নতিসাধনের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি, যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয় নিয়েও বক্তব্য রাখেন তিনি। লিফট, চলমান সিঁড়ি-সহ যাত্রী স্বাচ্ছন্দ্যের একাধিক বিষয়গুলির ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে বলেও শ্রী যোশী উল্লেখ করেন। রেল চত্বরকে যাত্রীদের কাছে আরও স্বাচ্ছন্দ্যমুখী করে তুলতে রেলের আধিকারিকদের নির্দেশ দেন তিনি।

সংবাদ ঋণ-পিআইবি

Exit mobile version