Site icon Sambad Pratikhan

নদী পাড়ে ভূমিক্ষয় রুখতে ম‍্যানগ্রোভ রোপণ হলো সুন্দরবনে

Advertisements

সৌমাভ মণ্ডল, উত্তর ২৪ পরগণা:  বসিরহাট মহকুমার সুন্দরবনের হাসনাবাদ ব্লকের আমলানি গ্রাম পঞ্চায়েতের আশারিয়া গ্রাম সুপার সাইক্লোন আম্ফানে তছনছ হয়ে গিয়েছিল। ইছামতি নদীর পাড়ে ভূমিক্ষয় রোধ করতে যেসব গাছ লাগানো ছিল সেগুলো নদীর জলে চলে গিয়েছিল। বেশকিছু কাঁচা বাড়িও নদীর গ্রাসে চলে গিয়েছিল। সবমিলিয়ে একবিংশ শতাব্দীতে বিপর্যয়ের ক্ষতচিহ্ন যেমন একদিকে চিন্তায় রেখেছে আশারিয়া গ্রামের মানুষকে অন্যদিকে বৃক্ষরোপণ করলে নদীর ভূমিক্ষয়ের রক্ষা করা যাবে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে ইছামতি পাড়ের বাসিন্দারা। তাই এবার উদ্যোগ নিয়েছে স্বয়ং সুন্দরবনবাসীরা। সুন্দরবনের মেহগনি, গরান, গেওয়া, কেওড়া, হেতাল এইসব গাছগুলি নদীর পাড় বরাবর বসাতে শুরু করেছে গ্রামের মানুষ। একদিকে প্রকৃতিকে তুষ্ট করা অন্যদিকে গ্রামকে বাঁচাতে উদ্যোগ নিয়েছে গ্রামের মহিলারা থেকে পুরুষরা। স্থানীয় প্রকৃতিপ্রেমী শফিকুল গাজী, পঞ্চায়েত প্রধান মোস্তফা মন্ডলের উদ্যোগে বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গ্রামবাসীর হাতে যেমন তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রামবাসীরাও সেই গাছ নদীর পাড়ে সারিবদ্ধভাবে লাগিয়ে দিয়েছেন। এই কাজে হাত মিলিয়েছেন টাকি পৌরসভার উপ পৌর প্রধান আজিজুল গাজী। সবমিলিয়ে আগামী দিনে আরও যাতে বেশি করে বৃক্ষরোপণ করে সুন্দরবনকে বাঁচানো যায় এবং ইছামতি নদীর ক্ষয় রোধ করা যায় তাহলে বড় বড় বিপর্যয় আটকে যাবে বলে মনে করছে ইছামতি নদীর পাড়ের বাসিন্দারা।

Exit mobile version