এমনই চিত্র আবারও দেখা গেলো হুগলী জেলার তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে। তিনি এই কদিন লাগাতার তার নির্বাচনী কেন্দ্রে প্রচারে ব্যস্ত। অপরদিকে পিছিয়ে নেই অন্য দলের প্রার্থীরাও। এই লোকসভা কেন্দ্রে ভারতের জাতীয় কংগ্রেস সবেমাত্র তাঁদের প্রার্থীর নাম ঘোষণা করতে পেরেছে, অপরদিকে বিজেপির প্রার্থীও যথেষ্ট আশাবাদী এই কেন্দ্র থেকে তিনিই জয়ী হবেন দুই বারের সাংসদকে হারিয়ে, আর বামফ্রন্ট প্রার্থী সবে শুরু করেছেন তাঁর প্রচার। তবে যতই হোক না কেন কল্যাণ বাবুর জেতার ব্যাপারে যথেষ্টই আশাবাদী তাঁর লোকসভা কেন্দ্রের তৃণমূল নেতৃত্ব। এই কদিন কল্যাণবাবু তাঁর লোকসভা কেন্দ্রের যেখানেই প্রচারে গেছেন সেখানেই প্রচুর সাধারণ মানুষ পায়ে পায়ে তাঁর সঙ্গে অংশ নিয়েছেন পদযাত্রায়। গত রবিবার ডানকুনি শহরের চাকুন্দি, খড়িয়াল, পারডানকুনি, মনোহরপুর, গোবরা, কালিপুর, ডানকুনি হাউজিং হয়ে হিমনগর পর্যন্ত বিভিন্ন অঞ্চলে কল্যাণবাবুর নির্বাচনী পদযাত্রায় ঠিক এই চিত্র ধরা পড়ল।
তাঁর এই প্রচারে আবাল-বৃদ্ধ-বনিতা সহ সাধারণের ভিড় ছিলো দেখার মত। এই পদযাত্রায় তাঁর সঙ্গী ছিলেন জেলার তৃণমূলের অন্যতম নেতা সুবীর মুখোপাধ্যায়, কল্যাণ বাবুর নির্বাচনী এজেন্ট তথা উত্তরপাড়া পৌরসভার পুর-প্রধান দিলীপ যাদব, ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনম, এই পুরসভার উপ-পুরপ্রধান তথা ডানকুনি যুব তৃণমূল নেতা দেবাশীষ মুখোপাধ্যায় সহ তৃণমূল নেতা-নেত্রীর। গতকাল ও আজ সমানতালে একভাবে কল্যাণ বাবু তাঁর প্রচারে রীতিমত ঝড় তুলেছেন তা এই সকল এলাকার সাধারণের সঙ্গে কথা বলে জানা যায়। (নিজস্ব চিত্র)
